জাতীয় সর্বশেষ

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়। কমিশনের ঘোষণা অনুযায়ী, নতুন এ মূল্য ২ জুলাই সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। নতুন ঘোষণার ফলে গ্রাহকরা প্রতি সিলিন্ডারে ৩৫৭ টাকা কম দামে এলপিজি কিনতে পারবেন। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

জ্বালানি বাজারে আন্তর্জাতিক দামের ওঠানামা এবং আমদানি ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিইআরসি প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করে থাকে। নতুন এ মূল্য নির্ধারণে সাধারণ ভোক্তা ও পরিবহন খাত কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *