শেষ ষোলোর ম্যাচে শক্ত রক্ষণভাগ সাজিয়ে জার্মানিকে বিদায় দেওয়ার পর একই কৌশল নিয়ে ফ্রান্সের বিপক্ষে নেমেছিল প্যারাগুয়ে। ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে ৫-৪-১ ফর্মেশনে রক্ষণে দেয়াল তুলে দীর্ঘ সময় ফরাসি আক্রমণ ঠেকিয়ে রাখলেও শেষ পর্যন্ত আত্মঘাতী ভুলের মাশুল গুনতে হয়েছে তাদের। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ের দেশমের দল।
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বলের দখল ধরে রাখলেও প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি ফ্রান্স। ম্যাচের প্রথম ২০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি ‘লে ব্লু’রা। এমবাপ্পে ও উসমান দেম্বেলের একাধিক প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে বিরতিতে গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। ৫২ মিনিটে এমবাপ্পে ওয়ান-অন-ওয়ান সুযোগ নষ্ট করেন, পরে দেম্বেলের শট পাশের জালে লাগে। ৬৬ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। প্যারাগুয়ের বক্সে বদলি ফরোয়ার্ড দিজিরে দুয়েকে ফাউল করলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি দেন রেফারি। ৭০ মিনিটে স্পট-কিক থেকে নিচু শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক এমবাপ্পে।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাত-এ নিয়ে যান রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। একই সঙ্গে বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকায় ১৯ গোল নিয়ে লিওনেল মেসির ২০ গোলের কাছাকাছি পৌঁছে যান তিনি।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় প্যারাগুয়ে। ম্যাচের শেষ দিকে মাউরিসিওর নিচু শট দারুণ ডাইভে ঠেকিয়ে দেন গোলরক্ষক মাইক মাইনান। যোগ করা সময়েও এমবাপ্পের দুটি শক্তিশালী শট রুখে দেন প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।
আগামী বৃহস্পতিবার বোস্টনে শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ হবে মরক্কো। জায়ান্ট কিলার মরক্কো শেষ ষোলোয় কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে।

