জাতীয়

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগের হামলা, ওসিসহ আহত ২

পাবনার সুজানগর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সমর্থকরা এ হামলা চালায়। হামলায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ উপলক্ষে মথুরাপুর এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এই সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশ টহল দল দোপপাড়া এলাকায় যায়।

পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। পরে শতাধিক নেতাকর্মী এবং আরও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়েছে।

তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল ওহাব। তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে তিনি নিজেই এলাকায় যেতে পারেন না। ফলে ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না। তার দাবি, রাতে ফুটবল খেলা দেখার পর স্থানীয় কয়েকজন যুবক খিচুড়ি রান্না করে খাচ্ছিলেন। এ সময় পুলিশ ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা এগিয়ে এসে তাদের ছাড়িয়ে নেন। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *