জাতীয় সর্বশেষ সারাদেশ

ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরিয়ে দিয়েছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে অশিক্ষক কর্মচারী নিয়োগের সুপারিশের যে ব্যবস্থা চালু করা হয়েছিল, তা বাতিল করে আগের নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে স্বাক্ষর করেন বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব সৈয়দ এ জেড এম মোর্শেদ আলী।

নতুন পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশসংক্রান্ত নির্দেশনা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।

এর ফলে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশনাই আবার কার্যকর হবে। তবে ওই নির্দেশনার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’-এ বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিধান এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

ফলে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কের মতো অশিক্ষক এমপিও পদে নিয়োগে আবারও পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির ভূমিকাই কার্যকর হবে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম ও ঘুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এসব নিয়োগের সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের হাতে দেওয়া হয়েছিল। সে সময় সরকারের যুক্তি ছিল, প্রশাসনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে।

তবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যরা প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার অভিযোগ তুলেছিলেন।

অন্যদিকে শিক্ষাবিদদের একটি অংশের আশঙ্কা ছিল, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও চাপের কারণে জেলা প্রশাসকদের মাধ্যমে পরিচালিত ব্যবস্থাও পুরোপুরি নিরপেক্ষ হবে না।

সর্বশেষ সরকার সেই ব্যবস্থা বাতিল করে আগের নীতিতে ফিরে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবারও পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটিই মূল ভূমিকা পালন করবে।

তবে সরকারের এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে, এতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সহজ হবে।

আবার অনেকের আশঙ্কা, অতীতে যেভাবে অশিক্ষক কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন, রাজনৈতিক প্রভাব ও অনিয়মের অভিযোগ ছিল, কার্যকর নজরদারি না থাকলে সেই পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *