অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৭তম বৈঠক শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ থেকে ১৭ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। জাতীয় দলের এই অর্জন কেবল একটি সাধারণ জয় নয়; বরং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশের মাটিতে টাইগারদের এই ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলায় নতুন করে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে।
প্রথম টেস্ট জয়ের প্রেক্ষাপটে দলের অধিনায়ক, সব খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

