চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকতার মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিটিভিয়ার মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় আকতার মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার নথিপত্র অনুযায়ী, চট্টগ্রাম আখতারুজ্জামান মহিলা কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় আকতারের। একপর্যায়ে সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি হলে আকতার ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন।
এজাহারে বলা হয়, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার ‘সুইট প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আকতার। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিয়ের দাবি জানালে আকতার তা অস্বীকার করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে অনুসন্ধানে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত আকতার আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।
ঘটনার পর গত ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

