চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদ, মুচলেকায় পরিবারের জিম্মায় এমপিপুত্র সজীব
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবিসহ একাধিক অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগগুলোর সত্যতা যাচাই-বাছাই চলছে।
একাধিক সূত্রের দাবি, বিএনপি ক্ষমতায় আসার পর একটি শিল্প গ্রুপের পণ্যবাহী গাড়ি আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় সজীবের অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সরকারের হস্তক্ষেপে পরে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, পণ্যবাহী যানবাহন আটকে অর্থ আদায় এবং শিল্পকারখানাগুলো থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। হেফাজতে নেওয়ার পর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় পুলিশ ও শিল্পকারখানা-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে চাঁদা আদায় এবং দাবিকৃত অর্থ না পেলে পণ্যবাহী যানবাহন আটকে রাখার অভিযোগ রয়েছে সজীবের বিরুদ্ধে।

