জুলাই গণঅভ্যুত্থান, আন্দোলনে অংশগ্রহণকারী এবং শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের টকশোতে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ছয় বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন বাদী হয়ে এই লিখিত অভিযোগটি দায়ের করেন। শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযুক্তরা হলেন—সাংবাদিক আনিস আলমগীর, চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, মারিয়া কিসপট্টা এবং অভিনেত্রী শামীমা তুষ্টি।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন আপত্তিকর বক্তব্য ও ভিডিও ফোরামের সদস্যদের নজরে আসে। পরবর্তীতে সংগঠনের সবার সাথে আলোচনা করে থানায় এই লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময়ে ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর আবেদন জানিয়েছেন তারা।

