ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দেশে ফিরে শেখ হাসিনা প্রচলিত আইন অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারবেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার ক্ষেত্রে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি চাইলে প্রচলিত ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন। সে ক্ষেত্রে দেশের প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করা হবে।
বিরোধী দলের সম্ভাব্য ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে এ ধরনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও এমন উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হিসেবে দেখা উচিত। তার মতে, ছায়া মন্ত্রিসভা সরকারের বিভিন্ন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা, বিকল্প পরিকল্পনা ও নীতিগত পরামর্শ দেওয়ার সুযোগ সৃষ্টি করবে, যা গণতন্ত্র ও সুশাসনকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

