রাজনীতি

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ইকরামুল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ জেলা সিরাজগঞ্জের মিরপুরে অবস্থিত তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, সরকারে থাকা মানেই কেউ বড় কিছু হয়ে যায় না। দেশের কল্যাণে কাজ করতে হবে এবং সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দেশের তাঁতশিল্পকে ধ্বংস করেছে। শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দলটি দেশের ক্ষতি করে আসছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ইকরামুল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কোথাও ভোটারদের ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং দিনের ভোট রাতে গণনার মতো কোনো ঘটনাও ঘটেনি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বর্তমান সরকার গঠিত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তিনি বলেছিলেন, হাসিনা থাকলে দেশে ফিরবেন না, তার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং তিনি দেশে ফিরে এসেছেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *