Uncategorized

স্পাইডার-ম্যান দুনিয়ায় ফুটবল জাদুকর মেসি

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অসাধারণ ফুটবল প্রতিভা তাকে যেন নতুন এক জগতে নিয়ে গেছে। এবার তিনি দেখা দিলেন সুপারহিরোর দুনিয়ায়। যদিও এখনো কোনো কমিকস-ভিত্তিক সুপারহিরো চরিত্রে অভিনয় করেননি, তবুও আসন্ন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার একটি প্রমোশনাল বিজ্ঞাপনে স্পাইডার-ম্যানের পাশে দেখা গেছে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির এই অধিনায়ককে। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের এক প্রতিবেদনে মঙ্গলবার (৩০ জুন) এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনের শুরুতে একটি কফিশপে প্রবেশ করেন মেসি। সেখানে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কার, অর্থাৎ অভিনেতা টম হল্যান্ডের মুখোমুখি হন তিনি। ৩৯ বছর বয়সি মেসি নিজের ফোনে থাকা একটি ট্র্যাকার দেখিয়ে জানান, শহরজুড়ে স্পাইডার-ম্যানকে খুঁজে বের করার অভিযানে তিনিও যোগ দিয়েছেন।

এরপর পিটার পার্কার কিছুক্ষণের জন্য কফিশপের পেছনের একটি কক্ষে চলে যান। মুহূর্ত-পরই সেখানে হাজির হন স্পাইডার-ম্যান। এরপর মেসি সংক্ষিপ্ত কয়েকটি সংলাপ বলেই স্পাইডার-ম্যানের সঙ্গে শহরের আকাশজুড়ে রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়েন।

বিজ্ঞাপনটি দেখে অনেকে মজার ছলে বলছেন, স্পাইডার-ম্যানের পরবর্তী প্রতিপক্ষ হিসেবে ড. অক্টোপাস বা গ্রিন গবলিন নয়, বরং হাজির হতে পারে নতুন এক চরিত্র—‘দ্য ড্রিবলার’, যার অনুপ্রেরণা হতে পারেন মেসিই।

এটি অবশ্য প্রথম নয়। এর আগেও বিশ্বকাপকে ঘিরে অসংখ্য আন্তর্জাতিক বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মেসি। বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড ও পণ্যের প্রচারণায় নিয়মিতই দেখা গেছে বিশ্বকাপজয়ী এই তারকাকে। নতুন এই স্পাইডার-ম্যান বিজ্ঞাপন সেই দীর্ঘ তালিকায় যুক্ত করল আরেকটি আলোচিত অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *